দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারি সাশ্রয়ী নীতিকে উপেক্ষা করে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতিমালা পরিপন্থী এবং অগ্রহণযোগ্য।
জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর উপজেলায় প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকার নিয়ে একটি বড় শোডাউন করেন মাসুদ রানা প্রামাণিক। বহরটি গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।
দেশব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে মাসুদ রানা প্রামাণিক দাবি করেন, শোডাউনের গাড়িগুলো আগে থেকেই বুকিং করা ছিল। ঈদের আগে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে চালকদের অনুরোধ ও চাপের মুখে তিনি বাধ্য হয়ে কর্মসূচিটি সম্পন্ন করেন। তিনি আরও জানান, বহরের অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজি চালিত ছিল।
অন্যদিকে, মারুফ ইসলাম সৃজন বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকার যখন কঠোর অবস্থানে রয়েছে, তখন এমন বিলাসী শোডাউন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে কেন্দ্রীয় সংসদ ২৪ ঘণ্টার মধ্যেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

