বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপনে রাজধানীর রমনা পার্কে এবার পান্তা-ইলিশের চিরচেনা আমেজ অনেকটাই ম্লান দেখা গেছে। আগের বছরের মতো অস্থায়ী দোকানের ভিড় না থাকায় উৎসবপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
পুরো রমনা পার্ক ঘুরেও কোনো অস্থায়ী পান্তা-ইলিশের দোকান দেখা যায়নি। শুধু একটি রেস্টুরেন্টে এই খাবার পাওয়া গেলেও দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
সেখানে একটি ওয়ান টাইম প্লেটে পান্তা ভাত, ছোট এক টুকরো ইলিশ ও বেগুন ভাজা বিক্রি করা হচ্ছে ৬০০ টাকায়। অনেকের অভিযোগ, দামের তুলনায় খাবারের পরিমাণও কম।
দর্শনার্থীরা বলছেন, পান্তা-ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একচেটিয়া বিক্রির সুযোগ থাকায় অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। তবে সন্তানদের আবদার মেটাতে অনেকেই বাধ্য হয়ে কিনছেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশ মাছের দাম বেশি হওয়ায় তারা ৬০০ টাকা নির্ধারণ করেছেন। প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ সংগ্রহ করে এই প্যাকেজ প্রস্তুত করা হয়েছে বলে দাবি তাদের।
এ বছর শুধু রমনাতেই নয়, রাজধানীর অন্যান্য স্থানেও পান্তা-ইলিশের অস্থায়ী দোকান তেমন দেখা যায়নি। ব্যবসায়ীদের মতে, ইলিশের অভয়াশ্রম সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

