পয়লা বৈশাখ ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের প্রস্তুতি চলছিল রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকার একটি ভবনে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। গত সোমবার গভীর রাতে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় নাবু উল্লাহর বাসায় ঢুকে রাজমিস্ত্রি মোহাম্মদ আবু মুসা এলোপাতাড়ি কুপিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকাকে কেন্দ্র করে ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়। ঘটনার সময় নাবু উল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না। এ সুযোগে আবু মুসা বাসায় প্রবেশ করে নাবুর স্ত্রী মৌসুমী আক্তারকে লক্ষ্য করে ‘কাকি মাফ করে দিয়েন’ বলে কুপিয়ে তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। পরে তার মেয়ে দিয়া আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একইভাবে মেয়ে জয়া ও ছেলে মোয়াজকেও কুপিয়ে আহত করা হয়।
গুরুতর আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী বাকি বিল্লাহ জানান, হামলাকারী আবু মুসা পেশায় রাজমিস্ত্রি ও ঠিকাদার এবং তিনি নাবু উল্লাহর কাছে কাজের টাকা পেতেন। সেই টাকা নিয়ে বিরোধের জেরেই এ নৃশংস ঘটনা ঘটে।
ঘটনার পর আহত অবস্থায় চিকিৎসা নিতে গেলে আবু মুসাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় নিহত দিয়ার চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

