দেশে চলমান জ্বালানি সংকট ও তীব্র গরমের মধ্যেই আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। তবে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
বিশেষ করে ঢাকার বাইরে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। সন্ধ্যা ও রাতের সময় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহর থেকে গ্রাম— সর্বত্রই লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অনেক এলাকায় দিনে ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অনলাইন ক্লাস ও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
চট্টগ্রাম মহানগরীর অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী নাছরিন আক্তার জানায়, রাতে পড়তে বসলেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তীব্র গরমে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চার্জার ফ্যানও অকেজো হয়ে যায়।
যশোরের বাঘারপাড়া উপজেলার হাশিমপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আশিকুজ্জামান টুলু একই ধরনের সমস্যার কথা তুলে ধরে বলে, রাতে বিদ্যুতের দেখা পাওয়া যায় না বললেই চলে। দুই ঘণ্টা পর বিদ্যুৎ এলেও তা ১০ মিনিটের বেশি স্থায়ী হয় না। দিনরাত একই পরিস্থিতি বিরাজ করছে।
শুধু পরীক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এমন সংকটময় সময়ে বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই নির্দেশনা কার্যকর থাকবে।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাও নতুন নির্দেশনা দিয়েছে। যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বোর্ড।

