নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তাদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার রাত প্রায় ৮টার দিকে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে বাড়িতে ফেরেন। তার কাছে গরু বিক্রির প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ডাকাতি করে এবং পরে পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের চার সদস্যকেই হত্যা করে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কারও লুট করা হয়। পপি খাতুনের কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনাও জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকতে পারে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

