বর্তমান জ্বালানি সংকটের সময়ে অটোরিকশা দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক উল্লেখ করেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু ঢাকায় বিপুলসংখ্যক অটোরিকশা গ্যারেজে চার্জ দেওয়া হচ্ছে, যা বিদ্যুৎ ব্যবহারের ওপর প্রভাব ফেলছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে অগ্রসর হওয়াই প্রয়োজন। সবার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার সম্ভব নয়, তাই অটোরিকশার মতো যানবাহনকে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, এসব অটোরিকশার অনেকগুলোই যান্ত্রিকভাবে নিরাপদ নয় এবং দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তবে বর্তমান জ্বালানি সংকটে এগুলো কার্যকর সহায়তা দিচ্ছে। চার্জিংয়ের ক্ষেত্রে অপচয়ের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, সাধারণত রাতের বেলায় চার্জ দেওয়া হয়, যখন বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। ফলে জাতীয় গ্রিডে চাপ কম পড়ে।
ডা. জাহেদ উর রহমান জানান, অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে যানবাহনের মান, নিরাপত্তা, লাইসেন্সিংসহ প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ করা হবে, যাতে পুরো খাতটি একটি কাঠামোর মধ্যে আনা যায়।

