নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন নিহত হওয়ার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্য—এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামেও তিনজনকে হত্যার ঘটনা ঘটে।
তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার পরও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে কি না এবং সরকার এসব বিষয় যথাযথভাবে আমলে নিচ্ছে কি না।
এছাড়া চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের কথাও উল্লেখ করেন তিনি। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত এক শিবির কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরকারকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত, যা দেশের জন্য কল্যাণকর নয়।
সবশেষে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

