জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত রাজনীতি’ বয়কট ও বন্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক হলের দেয়ালে বিভিন্ন স্লোগান লেখা হয়। এর মধ্যে ছিল— ‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুথু দে’, ‘একটা একটা গুপ্ত ধর, ধইরা ধইরা প্যাকেট কর’, ‘গুপ্ত কট’, ‘গুপ্ত সন্ত্রাস’ ইত্যাদি। পাশাপাশি ডাস্টবিনগুলোতেও ‘আমি গুপ্ত’ ও ‘গুপ্তদের এখানে রাখুন’ লেখা দেখা যায়।
ছাত্রদল নেতারা জানান, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উদ্দেশ্যেই এই কর্মসূচি। শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, দেশে বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের মধ্যে ‘গুপ্ত’ভাবে সক্রিয় গোষ্ঠী রয়েছে। এসব কার্যক্রম বন্ধ করে স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতির পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, ক্যাম্পাসে গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে।
আহ্বায়ক কমিটির সদস্য মামুন সরকার বলেন, একটি পক্ষ রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি তুললেও বাস্তবে সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে গোপনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হলে তা প্রকাশ্যে করতে হবে; গোপনে কোনো রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়। তিনি বিশ্ববিদ্যালয়কে ‘গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ হিসেবে ঘোষণার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে ছাত্র ইউনিয়নের সদস্য ঐশ্বর্য সরকার বলেন, আদর্শভিত্তিক রাজনীতির ধারা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই দেয়াল লিখন কর্মসূচি। তিনি জানান, দেশে গুপ্ত রাজনীতি ও অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।

