সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ শেখ (৩৭) উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেক শেখের ছোট ছেলে। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, দুটি কন্যা সন্তান এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র।
নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন জানান, দুর্ঘটনার পর মুরাদ ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তিনি বাংলাদেশ ও সৌদি সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

