আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়।
আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান, যা এই বিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে শারমিন সুলতানা আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর তিনি ব্যাট দেখিয়ে প্রতিক্রিয়া জানান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ মাসের মধ্যে এটি তাদের প্রথম অপরাধ। দুই খেলোয়াড়ই নিজেদের দোষ স্বীকার করেছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

