জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বর্তমান বিএনপি সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, যদি বিএনপি পুরোনো স্বৈরাচারী ধারায় দেশ পরিচালনার চেষ্টা করে, তবে দেশের জনগণ আবারও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি পরিবর্তনের প্রত্যাশা করেছিল এবং নতুন কোনো স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। সেই লক্ষ্য থেকেই সংস্কার কার্যক্রম শুরু হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি ধারাবাহিকভাবে এসব সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছে। পরবর্তীতে ঐক্যমত কমিশনে অংশ নিলেও গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে তারা আপত্তি ও অসম্মতি জানিয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বাস্তবতায় বিএনপি গণভোটে সম্মত হলেও নির্বাচনের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষায়, গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া দল হিসেবে বিএনপি এখন গণভোটকেই অস্বীকার করছে, যা তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছে বিএনপি। তবে বাস্তবে জ্বালানি সংকট, অর্থনৈতিক সমস্যা এবং আইনশৃঙ্খলার অবনতির মতো বিষয়গুলো সরকার অস্বীকার করছে বলেও তিনি দাবি করেন।

