মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোলাম সারোয়ার মিলন রাজনৈতিক জীবনে দীর্ঘ পথচলার অধিকারী ছিলেন। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বামপন্থী ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং পরে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে নির্বাচন করেন, তবে বিজয়ী হতে পারেননি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

