পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা। শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করে ইবি রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি (ইবিসাস)।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর রাজনৈতিক কর্মীদের হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং এটি বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় ব্যর্থতা এবং অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। হামলার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দায়ীদের মধ্যে শাস্তির ভয় তৈরি হবে না বলেও তারা মন্তব্য করেন।
ইবিরিইউ’র সভাপতি সাকিব আসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের প্রথমে হেনস্তা এবং পরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। শাহবাগ থানার মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন না; বরং তারা স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি সতর্ক করেন, অতীতের মতো একই ধরনের দমন-পীড়ন ভবিষ্যতেও নেতিবাচক পরিণতি ডেকে আনবে। তিনি আরও বলেন, মামলা দায়েরের ক্ষেত্রে যথাযথ সহযোগিতা না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত বিচার না হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।
ইবিসাস-এর সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের কিছু নেতাকর্মীর অসৌজন্যমূলক আচরণেরও সমালোচনা করেন তিনি।
মানববন্ধন থেকে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশের সব ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে ও থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।

