শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। ফলে শেষ ম্যাচটি এখন তাদের জন্য শুধুই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত ম্যাচে ২১ রানের ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লঙ্কানরা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ৫ উইকেটে ১৩৩ রানেই থেমে যায় নিগার সুলতানা জ্যোতির দল। সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন আক্তার সুপ্তা, যদিও ৪৭ বল খেলে এই রান করেন তিনি। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরা ফেরদৌস যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন।
এই হারে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হলো বাংলাদেশের। এখন শেষ ম্যাচে জিতেই হোয়াইটওয়াশ এড়াতে হবে স্বাগতিকদের।

