মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দূতাবাস। পুরো বিষয়টি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে।
জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে প্রায় ১০ দিন পর গত ২৪ এপ্রিল পুলিশ জামিল লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

