বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি, আদালত একটি উন্মুক্ত পাবলিক প্লেস এবং বিচার কার্যক্রম জনগণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। ফলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের অধিকারের পরিপন্থী।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা অবাধে আদালত কক্ষে প্রবেশ করে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর এজলাসে সাংবাদিক প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, স্বচ্ছ বিচারব্যবস্থা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার বজায় রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা। এ সময় সুপ্রিম কোর্ট বিটে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

