আসন্ন ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে যুক্তরাজ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বইমেলার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হল ও স্টেজ ডেকর পরিকল্পনা, সম্ভাব্য অতিথিদের তালিকা, ব্যয় নির্বাহের জন্য অর্থসংগ্রহের কৌশলসহ আয়োজন-সংক্রান্ত একটি অফিসিয়াল প্রস্পেক্টাস উন্মোচন করেন। পাশাপাশি সম্ভাব্য অনুষ্ঠানমালার রূপরেখাও উপস্থাপন করা হয়।
সভায় সদস্যদের সুবিধা, বইমেলা উপ-কমিটি গঠন, তহবিল সংগ্রহ, অনুদান এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসন্ন বইমেলাকে সফল করতে একাধিক শক্তিশালী উপ-কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে উপ-কমিটিগুলো অনুমোদন করা হয়।
এছাড়া বিলেতের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় বিলেতপ্রবাসী কবিদের কবিতা আবৃত্তির জন্য লটারির মাধ্যমে ১০ জন কবিকে মনোনীত করা হয়। সভা শেষে বইমেলা ২০২৬-এর থিম সং-এর রেকর্ডিং উপস্থিত সদস্যদের শোনানো হয়।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ইমরান আহমদ চৌধুরী বিইএম, ফারুক আহমদ, আতাউর রহমান মিলাদ, রোকসানা হাসি সোনিয়া, রহমত আলী, এম মোসাইদ খান, আসমা মতিন, মোহাম্মদ মুহিদ, আজিজুল আম্বিয়া, মতিয়ার রহমান, চৌধুরী শামসুদ্দিন, মীর মাহবুবুল আলম, শাহীন রসিদ, রুমান আহমদ, উদয় শংকর দুর্জয় এবং মোহাম্মদ ইকবালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

