মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে হামলার ঘটনায় হাফিজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জসিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, হাফিজ মিয়া নিয়মিত মসজিদে আজান দিতেন এবং ইমামের অনুপস্থিতিতে ইমামতির দায়িত্বও পালন করতেন। প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে গেলে নামাজের প্রস্তুতিকালে হঠাৎ তার ওপর হামলা চালান জসিম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একটি কলম জাতীয় বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
স্থানীয়দের দাবি, আটক জসিম মিয়ার আচরণ ছিল অস্বাভাবিক। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল জামান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

