ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে হাজির করতে।
পরবর্তীতে আদালতে হাজির করা হলে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই বসবাস করতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে অবনতি ঘটেছে এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, অপর বোনও আদালতে জানান যে, তিনিও নিজের স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। আদালতে উপস্থিত হয়ে দুই বোনই একে অপরের স্বামী বিনিময়ের অনুমতি চেয়ে আবেদন করেন।
মামলার সব পক্ষই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারপতি মন্তব্য করেন, এটি কোনো ফৌজদারি অপহরণের বিষয় নয়; বরং এটি একটি পারিবারিক বিরোধ। আদালত আরও জানায়, সংশ্লিষ্টরা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারেন।
শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। এ ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

