পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘ ৯ বছর পর শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। দলটির এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যারন হার্ডি। ব্যাট ও বল—দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। হায়দরাবাদ কিন্সম্যানেরসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন হার্ডি।
তবে নিজের পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের পেসার নাহিদ রানাকেও বিশেষভাবে উল্লেখ করেছেন এই অলরাউন্ডার। তিনি জানান, নাহিদের গতির মুখোমুখি হতে খুব একটা আগ্রহী নন জালমির অধিনায়ক বাবর আজম। যদিও পিএসএলে তারা একই দলের হয়ে খেলেছেন, আগামী ৮ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন তারা।
হার্ডি বলেন, মাত্র তিন দিন আগে দেশে এসে নাহিদ যেভাবে বল করেছে, তা সত্যিই প্রশংসনীয়। করাচিতে সে ১৫১ কিলোমিটার গতিতে বল করে ব্যাটারদের জন্য ভীতিকর হয়ে উঠেছিল। সামনে তার টেস্ট ম্যাচ রয়েছে এবং সেখানে বাবরের সঙ্গে তার একটি আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি।
ফাইনালে হার্ডি ৫৬ রান করার পাশাপাশি ৪টি উইকেট নেন। অন্যদিকে, জালমির হয়ে সবচেয়ে সাশ্রয়ী বোলিং করেন নাহিদ রানা; তার বোলিং ফিগার ছিল ৪-১-২২-২। শুধু উইকেটই নয়, গতি ও নিখুঁত ইয়র্কারে ব্যাটারদের বিপাকে ফেলছেন তিনি। হার্ডির মতে, এমন প্রতিভাবান পেসার ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে নিজের অবস্থান তৈরি করবেন।

