টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার স্টল নির্মাণের ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এই মেলার শেষ দিনে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই মেলাকে ঘিরে শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে বিভিন্ন স্টল নির্মাণ করা হয়। উদ্যানে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের সামনেও স্টল বসানো হয়। অভিযোগ উঠেছে, স্টল স্থাপনের সময় টানানো দড়ি ভাস্কর্যগুলোর গলায় বেঁধে রাখা হয়েছিল, যা অনেকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি চরম অসম্মান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। অনেকে একে ‘ইতিহাসের অপমান’ হিসেবে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষাবিদরা বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে বা আড়ালে স্টল নির্মাণই অনুচিত; তার ওপর গলায় দড়ি বেঁধে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও অমার্জনীয় কাজ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, কারা এ কাজ করেছেন তা নিশ্চিত নয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ভাস্কর্যের গলা থেকে দড়ি খুলে নেওয়া হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

