স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার—এমন মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে ন্যুব্জ হয়ে পড়েছে এবং অনেক মানুষ এখনও মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঢাকা-১৭ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলার বাসিন্দারা এই শহরের অর্থনীতিকে সচল রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নিম্নআয়ের প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা ঝুঁকিপূর্ণ প্রবণতা। কারণ তাদের জন্য অসুস্থতা মানেই আয় বন্ধ হয়ে যাওয়া।
স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক মানুষ এখনো জানেন না যে তাদের কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। এই তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
অনুষ্ঠানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট, প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

