তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে এবারের বিধানসভা নির্বাচনে। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের তুলনায় তারা মাত্র ১০টি আসন পিছিয়ে থাকলেও, ইতোমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়। দলটি সম্ভাব্য নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রী পদ এবং কিছু সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ দাবি করতে পারে বলে জানা গেছে। বুধবারই কংগ্রেস আনুষ্ঠানিক সমর্থনপত্র দিতে পারে।
১৯৬৭ সাল থেকে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে সীমাবদ্ধ থাকা তামিলনাড়ুর রাজনীতিতে এবার সেই দীর্ঘদিনের ধারা ভেঙে গেছে। ডিএমকেকে পিছনে ফেলে এবং এআইএডিএমকেকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বিজয়ের দল এখন সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
চেন্নাইয়ে নিজ বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর ধারণা করা হচ্ছে, আগামী ৭ মে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তার সঙ্গে আরও নয়জন মন্ত্রীও শপথ নিতে পারেন বলে জানা গেছে।
এদিকে কংগ্রেস ছাড়াও বামপন্থী দল, ভিসিকে এবং আইইউএমএলের মতো ছোট দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে। এসব দল সমর্থন দিলে একটি স্থিতিশীল জোট সরকার গঠন সহজ হবে। যদিও ডিএমকে এখনো আশাবাদী যে বাম দলগুলো তাদের সঙ্গেই থাকবে, তবে কংগ্রেসের অবস্থান পরিষ্কার হওয়ায় রাজনৈতিক চাপ বেড়েছে।
৭ মে’র শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় তৎপরতা বেড়েছে। সেখানে টিভিকের প্রধান কার্যালয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

