বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিদ্যমান সম্পদ, মেধা ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি বৈশ্বিক শিক্ষা হাবে পরিণত করতে হলে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ জন্য সরকারি-বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে আকৃষ্ট করার জন্য ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, অতীতে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা পুনরুদ্ধার করা সম্ভব। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, টেকসই ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সবার মতামত গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, বৃত্তি প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনা কাঠামো পর্যালোচনার কথাও জানান তিনি।
সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

