যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে শনিবার ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার ৫ মে ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
কনস্যুলেট জানায়, ৭ মে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
এর আগে বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।

