যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় অনুষ্ঠিত জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। এ সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জানাজা শেষে বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাইয়ে যাত্রাবিরতি ও ফ্লাইট পরিবর্তনের পর আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দেশে পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুরো বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে।
এর আগে গত ৪ মে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। সরকার লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বলেও জানান গোলাম মোর্তোজা।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং দুই দিন পর বৃষ্টির মরদেহের কিছু অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

