নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। তার বাবা ও দাদা দুজনই গজারিয়া বাজারের ব্যবসায়ী হওয়ায় দিনের বেশিরভাগ সময় সে বাজার এলাকাতেই অবস্থান করত।
এদিন সকালে রামিম বাজারের ফয়সাল মিয়ার অটোরিকশা গ্যারেজে গেলে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া ‘দুষ্টুমির ছলে’ টায়ারে বাতাস দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করান বলে অভিযোগ ওঠে। এতে রামিম গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিম মারা যায়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রাকিব আসকারী জানান, উচ্চ গতিতে বাতাস প্রবেশের ফলে শিশুটির নাড়ির কোনো অংশ ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তীব্র যন্ত্রণার কারণে সে শ্বাস-প্রশ্বাসেও সমস্যা অনুভব করছিল।
পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সবুজ মিয়াসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

