মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সোনা মিয়া এবং অপর আরোহী কালু মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

