ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম।
সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান প্রথম স্থান অর্জন করেন। এছাড়া এই পদে নির্বাচিত হয়েছেন জেসমিন জাহান মুন ও মো. মাজেদুল হাসান পায়েল। অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদে আরও অনেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে বিকেলে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউএমসিজেএএ’র অ্যালামনাই ও সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
দিনব্যাপী এই আয়োজনে পুরনো ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ ও আড্ডায় পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

