যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত স্বার্থে বিভিন্ন দেশে পুরনো ও পতিত শক্তিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, কোনো দেশে প্রথমে প্রধান রাজনৈতিক শক্তিকে দুর্বল বা সরিয়ে দেওয়া হয়, পরে দ্বিতীয় বা তৃতীয় সারির শক্তিকে ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত আবার পুরনো পক্ষের কাছেই ফিরে যায় যুক্তরাষ্ট্র।
রনি আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, তালেবান একসময় যুক্তরাষ্ট্রেরই সৃষ্টি ছিল। পরবর্তীতে তারাই তালেবানকে দমন করে বিভিন্ন শক্তিকে সামনে নিয়ে আসে এবং ভারত-পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলোকেও সেখানে সম্পৃক্ত করে। তবে শেষ পর্যন্ত আবার তালেবানের হাতেই ক্ষমতা ফিরে যায়।
তার দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তালেবান যেভাবে কাজ করতে সক্ষম, অন্য কোনো পক্ষ সেভাবে কার্যকর হতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, তালেবান যদি নিজেদের অবস্থান ঠিকভাবে ধরে রাখতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিপক্ষও যুক্তরাষ্ট্র আর রাখবে না।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি বলেন, এখানেও প্রথমে বিভিন্ন টায়ারের রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করা হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পুরনো মিত্রদের কাছেই ফিরে যাবে। তার ভাষ্য, এরপর তাদের ব্যবহার করে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে এবং তখন দেশে কার্যকর বিরোধিতার জায়গাও সংকুচিত হয়ে যাবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কাউকে দীর্ঘমেয়াদে টার্গেট করলে অন্তত কয়েক দশক ধরে সেই দেশ বা অঞ্চলকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। বাংলাদেশের জনশক্তি, খনিজ সম্পদ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
রনির মতে, ভারতীয় উপমহাদেশের বিস্তৃত বাজার ও আঞ্চলিক কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে বৃহৎ শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। তাই দেশের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্বকে আন্তর্জাতিক রাজনীতির এসব কৌশল গভীরভাবে বোঝার আহ্বান জানান তিনি।

