যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। এ সময় বিমানবন্দর এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। মেধাবী এই শিক্ষার্থীকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। বাড়ির পাশে চলতে থাকে কবর খোঁড়ার প্রস্তুতি। বিকেলে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করার কথা রয়েছে।
নিহত বৃষ্টির চাচা হেদায়েত আকন বলেন, বাড়িতে এলেই বৃষ্টি সবাইকে পড়াশোনার প্রতি উৎসাহ দিতেন। শুধু পরিবার নয়, পুরো এলাকার জন্যই তিনি ছিলেন অনুপ্রেরণার এক আলোকবর্তিকা।
চাচাতো ভাই ওবায়দুল আকন জানান, বৃষ্টির অনুপ্রেরণাতেই তিনি লেখাপড়ায় ভালো ফলাফল করেছেন। এখন তাকে পথ দেখানোর মতো মানুষ আর রইলো না বলে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
নাহিদা সুলতানা বৃষ্টির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে ডক্টরেট ডিগ্রি অর্জনের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক সম্পন্ন করার পর তিনি বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি হন। পরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়ে ২০২৫ সালের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। এর আগে গত ৪ মে লিমনের মরদেহ দেশে আনা হয়।
বৃষ্টি ও লিমনের মেধা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে।

