ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কাবস্থা। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সব বিওপি (বর্ডার আউট পোস্ট) ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিবিড় নজরদারি।
বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু, ভারতীয় পণ্যসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী পাচার ঠেকাতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির টহল, অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

