পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) দ্বিতীয় সেশনের শেষদিকে প্রেসিডেন্টস বক্সের পেছনে থাকা ফ্লাডলাইট থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
টেস্ট ম্যাচে সাধারণত ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন না হলেও এদিন মিরপুরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফলে মাঠে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে ফ্লাডলাইট চালু রাখা হয়েছিল। খেলা চলাকালেই হঠাৎ একটি ফ্লাডলাইটে আগুন ধরে গেলে দর্শক ও মাঠ সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য, এর আগেও শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামের পূর্ব পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এবার দক্ষিণ পাশের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

