বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার দেওয়া এক বক্তব্যে তিনি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো, বাড়ি থেকে কাজ করার প্রবণতা বাড়ানো এবং আমদানি নির্ভরতা সীমিত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান।
নরেন্দ্র মোদি বলেন, ভারতে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ স্বর্ণের পেছনে ব্যয় হয়, যা বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করে। দেশের স্বার্থে অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে মধ্যবিত্তদের মধ্যে বিদেশে বিয়ে, ভ্রমণ ও অবকাশ যাপনের প্রবণতা বাড়ছে। তবে সংকটময় সময়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদেশযাত্রা সীমিত রাখা প্রয়োজন। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য সব ধরনের উদ্যোগ বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে সংকট ও যুদ্ধের সময় মানুষ দেশের স্বার্থে স্বর্ণ দান করতেন। এখন দানের প্রয়োজন না হলেও অন্তত এক বছরের জন্য নতুন স্বর্ণালংকার না কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

