সোনারগাঁও ইউনিভার্সিটি আবারও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (গ্রিক) ২০২৬-এ অংশগ্রহণ করে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। গত ৮ মে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় “SU NextGen Innovators” দল তাদের “Clean Energy and Smart Fuel Station” প্রজেক্টের জন্য স্বর্ণপদক অর্জন করে। একইভাবে “Estate Maestro” দল “AI-Powered Hi-tech Quantum Real Estate (10th Edition)” প্রজেক্ট উপস্থাপন করে আরেকটি স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে “SU i-Hub” দল “Waste Water to Energy (2nd Edition)” প্রজেক্টের মাধ্যমে রৌপ্য পদক অর্জন করে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়েছে।

এছাড়াও সোনারগাঁও ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ আহমেদ “Best Campus Ambassador Award” অর্জন করেন। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির “SU Innovation Hub” ‘Best Club Partner Award’-এর বিশেষ স্বীকৃতি অর্জন করে। এই অর্জনের পেছনে দিকনির্দেশনা প্রদান করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রইস উদ্দিন মোল্লা এবং DBS বিভাগের সহযোগী অধ্যাপক ও SU-iHub-এর মডারেটর ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম।
উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করল সোনারগাঁও ইউনিভার্সিটি। বিজয়ী দলগুলো আগামীতে তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন অর্জন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

