ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সাত মাস বয়সী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ মে সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১১ মে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১২ মে পর্যন্ত মোট ১ হাজার ২৭০ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে মারা গেছেন ২৯ জন।
চিকিৎসকদের ভাষ্য, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন তারা।

