লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শুভ কুমার দাস (২৮)। সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি এই হামলার শিকার হন। এ ঘটনায় লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট তিনজন প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটল।
নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের বাসিন্দা এবং সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি জমান শুভ। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল ছিলেন। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোক ও উদ্বেগ।
এদিকে, এর আগে নিহত হওয়া জেলার আরও দুই প্রবাসীর পরিবারও মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

