ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই দীর্ঘ অবকাশে যেতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৪ মে রোববার থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। ফলে ওই দিন ক্লাস শেষে শিক্ষার্থীরা দীর্ঘ ছুটির আমেজে প্রবেশ করবে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। পরবর্তী ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ ভোগ করবে।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটির সময় আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
জুন মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্ট মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা, ঈদে মিলাদুন্নবী (সা.), জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম।
প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের বিশ্রাম ও অবকাশ যাপনের সুযোগ করে দিতে দীর্ঘ ছুটির এই ব্যবস্থা রাখা হয়েছে।

