থানায় সালিশ বৈঠকে এসে আটক হলেন নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা পারভীন থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে তিনি থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে।
আটকের পরও থানায় উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলতে থাকে। এতে থানার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ জানায়, নীলফামারী সদর থানার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে এবং সেখানে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা পারভীন ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।’ এ ঘটনায় থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই থানায় তার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

