সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি পুলিশ দল উজান তাহিরপুর গ্রামের আশরাফুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করলে সেখানে উপস্থিত কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল মিটু মিয়া আহত হন।
পরে খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

