জামালপুরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোর সন্দেহে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে ধরে নিয়ে সালিশে মারধর করে। অভিযোগ রয়েছে, এই অপমান ও নির্যাতন সহ্য করতে না পেরে ওই যুবকের মা জোসনা বানু আত্মহত্যা করেন।
ঘটনাটি ঘটে জেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায়। জানা যায়, এক ব্যক্তির বাড়িতে গরু চুরির চেষ্টা হওয়ার পর স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন অভিযুক্ত যুবককে ধরতে যায়। তাকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনাকে ধরে এনে সালিশে নির্যাতন করা হয়।
পরদিন বাড়িতে ফিরে অপমান সহ্য করতে না পেরে জোসনা বানু আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

