রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার নির্ধারিত সফরটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের এ সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক। তিনি জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতির নির্ধারিত এ সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি বা তারিখ নির্ধারণ করা হতে পারে।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে দুই দিনের এ সফরের বিষয়টি অবহিত করা হয়। রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল এবং সফর সফল করতে জেলা প্রশাসন আবাসন ও নিরাপত্তা সহ নানা প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করছিল। নতুন সফরসূচি চূড়ান্ত হলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

