সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ আগস্ট (রবিবার) রাতে ১২ জন জেলে নিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। ২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যায় ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা বিষয়টি মালিককে জানান। পরে ট্রলার মালিক কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সহায়তা চান।
খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করে। উদ্ধারের পর তাঁদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের ও ট্রলারটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

