চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
শনিবার সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত নয়ন ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, পাম্পটিতে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল মজুত ছিল।
কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভোক্তাদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং বাজারে অস্থিরতা তৈরি করে বলে উল্লেখ করা হয়।

