সিলেট বিভাগে পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন।
কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব যাচাই, পুলিশ মোতায়েন এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আরোপের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনে সরকার নিজেরাই পাম্প পরিচালনা করতে পারে, এতে তাদের আপত্তি নেই। তারা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানার কারণে পাম্প মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি সমাধানে সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করলেও কোনো সমাধান হয়নি। পরে রাতেই বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

