ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ছাত্রসংগঠন ‘সহায়তা কেন্দ্র’ স্থাপন করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ঘুরে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফাতে ছাত্র মজলিস এবং ছাত্র ইউনিয়ন যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পানি, কলম ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
অভিভাবকরা জানান, ছাত্রসংগঠনগুলোর এমন শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ তাদের মুগ্ধ করেছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি করে এবং ভবিষ্যতে সন্তানরা এমন কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় তাদের হেল্প ডেস্কের কার্যক্রম চলমান রয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে। তিনি আরও উল্লেখ করেন, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় পূর্বে কিছু প্রশাসনিক জটিলতা ছিল, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিলে ভবিষ্যতে ভোগান্তি কমানো সম্ভব।
ছাত্র ইউনিয়নের শাখা সভাপতি নুর আলম বলেন, সংগঠনটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ভর্তিচ্ছুদের জন্য পানি, কলম ও অন্যান্য সামগ্রী বিতরণ এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ইবি শাখার নেতারা জানান, তারা শিক্ষার্থীদের জন্য কলম, পানি, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী রেখেছেন। পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইবি শাখার সভাপতি ইসমাইল রাহাত বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংগঠনটি কাজ করছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার দায়িত্বশীলরা জানান, তারা শিক্ষার্থীদের জন্য পানি, কলম ও হালকা খাবারের ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে বলেও তারা জানান।
ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, তাদের হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের পানি, কলম, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে। তবে জায়গার সংকট থাকায় কিছুটা সমস্যা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং ভবিষ্যতে ক্যাম্পাসের ভেতরে হেল্প ডেস্ক স্থাপনের পরামর্শ দেন।
ছাত্রদলের ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, তাদের পক্ষ থেকে অভিভাবক কর্নার চালু করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, ফুল ও কলম এবং অভিভাবকদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারবে।

