ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছায়া জাতিসংঘ সংস্থা আইইউমুনা’র (IUMUNA) ২০২৬-২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের রওনক খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির দ্বিতীয় তলার ঐক্যমঞ্চ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মেহরাজ বিন আলম ও মিথিলা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এসরাত জাহান প্রমি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দানিয়াল রহমান আলিফ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড মিডিয়া পরিচালক হিসেবে আশরাফুল হক ও সিরাতুল মুস্তাকিম আদর, অ্যাকাডেমিকস পরিচালক হিসেবে মোছা. শাকিরা ইসলাম ও সাজিদ বিন হুদা, কনফারেন্স ম্যানেজমেন্ট পরিচালক হিসেবে জুনায়েদুল হাবীব মানিক ও সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ এবং পাবলিক রিলেশন্স পরিচালক হিসেবে সানজিদা সারোয়ার, এস এম শাফি ও মারিয়া চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে শাহরিয়ার সিনহা ও মাহবুবা তানজিম এবং অর্থ পরিচালক হিসেবে সৈয়দ সাজিদ হোসেন মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লুমান বলেন, বিদায়ী পরিচালনা পর্ষদের পরিশ্রম ও সফলতার ধারাবাহিকতা ধরে রেখে সংগঠনকে আরও এগিয়ে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিয়মিত ছায়া জাতিসংঘবিষয়ক কর্মশালা আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনৈতিক দক্ষতা বিকাশের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চলতি বছর একটি জাতীয় পর্যায়ের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সাধারণ সম্পাদক রওনক খান বলেন, বিদায়ী পরিচালনা পর্ষদের রেখে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং শিক্ষার্থীবান্ধব নতুন উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।
এদিকে, আইইউমুনার সাংগঠনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি (AIS) বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংগঠনটির সঙ্গে তাঁর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সদ্য সাবেক উপদেষ্টা ড. কাজী মোস্তফা আরিফসহ সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

