কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ (ইবিরিইউ)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ গঠনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন দুপুরে ফলাফল ঘোষণা করা হয় এবং নবনির্বাচিতদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মো. মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। কমিশনার হিসেবে ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা সক্রিয় থাকবেন।
নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, সবার আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ক্যাম্পাসে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন ছাত্রসংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

