রাজধানী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশন এলাকায় আজ রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। ঢাকার দুই সিটির পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনেও একযোগে এই কার্যক্রম চালু করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে এই টিকাদান কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এমআর টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল।
সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান এই ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে। হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ।

