রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় নগরীর মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি জানান, ১৪ কর্মদিবসে পরিচালিত এই ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
প্রশাসক আরও জানান, দায়িত্ব গ্রহণের পর হাম প্রতিরোধে প্রায় ৭০ হাজার সচেতনতামূলক লিফলেট প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব লিফলেট পৌঁছে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। পূর্বে টিকা নেওয়া থাকলেও বা হাম কিংবা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও এই বয়সসীমার সব শিশুকে একটি ডোজ টিকা প্রদান করা হবে। ৬ মাস (১৮০ দিন) পূর্ণ এবং ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) শিশুরা এ টিকার আওতায় আসবে।
টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে VAXEPI অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া সরাসরি টিকাকেন্দ্রে উপস্থিত হয়েও টিকা নেওয়া সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুরা নিকটবর্তী স্থায়ী বা অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে। টিকা গ্রহণের পর VAXEPI অ্যাপ থেকে সনদও ডাউনলোড করা যাবে।

